শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের মোড়কে ভুয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারের অভিযোগে বগুড়ার শেরপুরে দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের খন্দকার টোলা ও বাগড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।
অভিযানসূত্রে জানা যায়, কারখানা দুটিতে চরম নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। কারখানার অভ্যন্তরে স্বাস্থ্যবিধি না মেনে টয়লেট স্থাপন, অন্য প্রতিষ্ঠানের নাম ও ভুল ঠিকানা ব্যবহার করে খাদ্য মোড়কজাতকরণ এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এমনকি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ভুয়া লোগো ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আল-মদিনা বেকারির মালিক বাবলুকে (৫৩) ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির মালিক ইনছান আলীকে (৪৫) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে কারখানা দুটিকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কাজ পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার এবং জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।