ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে চলমান বিতর্কের মধ্যে ছাত্রদলের অবস্থানের সমালোচনা করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তাঁর দাবি, ছবিটি সরানোর দাবি জানিয়ে ছাত্রদল পরোক্ষভাবে জিন্নাহর পক্ষ নিয়েছে এবং তাকে দায়মুক্তি দিতে চাইছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, বাংলা ভাষার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার বিষয়টি তুলে ধরতেই সংগ্রহশালায় জিন্নাহর ছবি সেভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ছাত্রদল বিবৃতি দিয়ে এর বিরোধিতা করেছে।
তিনি বলেন, ছাত্রদলের অবস্থান দেখে তাঁর মনে হয়েছে, সংগঠনটি পক্ষান্তরে জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে। তারা জিন্নাহকে দায়মুক্তি দিতে চায় এবং সংগ্রহশালা থেকে ছবিটি সরানোর দাবি জানিয়েছে। এ জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে দুপুরে ডাকসু সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটি ভেঙে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে প্রার্থী হয়ে ১০ ভোট পেয়েছিলেন। আবু তৈয়ব বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ছবি ভাঙার ঘটনা নিয়েও প্রতিক্রিয়া জানান ডাকসুর জিএস। তিনি বলেন, যিনি ছবিটি ভেঙেছেন তিনি উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী বলে জানতে পেরেছেন। বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে ফরহাদ দাবি করেন, জিন্নাহর প্রতি আলাদা ‘দরদ’ থেকেই তিনি এমনটি করে থাকতে পারেন।
ফরহাদ বলেন, সংগ্রহশালায় ছবিটির ক্যাপশনে জিন্নাহর উর্দুর পক্ষে অবস্থানের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তাঁর দাবি, যিনি ছবিটি ভেঙেছেন, তিনি হয়তো চান না ভাষার প্রশ্নে জিন্নাহর সেই অবস্থানের কথা মানুষ জানুক। এ কারণে ওই ব্যক্তিও কার্যত জিন্নাহর পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।