ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে দ্রুত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দ্রুত ছবি সরানো না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা এ দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামি করছে। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যকে ক্ষুণ্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, মুহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। ডাকসু সংগ্রহশালায় তাঁর ছবি টানানোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করা হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে জিন্নাহর ছবি অপসারণের দাবি জানিয়ে শিপন বলেন, দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।