জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এ সিদ্ধান্তের পর রোববার বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানিয়েছেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন গ্রহণ, ডিসি পদায়নে অর্থ লেনদেন এবং বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন আসিফ মাহমুদ।
এছাড়া বিভিন্ন নিয়োগে ঘুষ গ্রহণ, উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাৎ এবং রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে পাচার করে সম্পদ কেনা ও বিনিয়োগ করা হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।