বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে আসিফ নজরুলের পোষা ছাগল চুরির আলোচিত ঘটনা নিয়েও মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন নাসীরুদ্দীন।
আসিফ নজরুলের ছাগল চুরির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল। আসিফ নজরুল খুব ভালো মানুষ না।’
তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ নজরুল গরু, ছাগল ও মুরগি পালন শুরু করেছিলেন এবং যেখানে এসব পশুপাখি রাখা হতো, সেখানে পুলিশের নিরাপত্তাও ছিল।
ছাগল চুরির ঘটনায় নিজের ভূমিকা নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, তা সত্য নয় দাবি করে নাসীরুদ্দীন বলেন, ‘তবে যেটা আমাকে ফ্রেমিং করা হচ্ছে, এটা সত্য না। আমি দেখেছি কারা কারা খাইছে, কী খাইছে।’
একটি ছাগল না খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘একটা না খাওয়াতে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, তাদেরকে বলছি আরেকটাও খাইতে। সামনে সুযোগ পেলে আরেকটাও খাবে।’
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে ছাগল হারানোর ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। ঘটনাটিকে নিজের জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে বর্ণনা করেন তিনি।
আসিফ নজরুল জানান, ছাগলটি তার ছোট মেয়ের পোষা ছিল। সেটি হারিয়ে যাওয়ার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে যায়।
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা থাকাকালে আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে পোষা ছাগল উধাও হওয়ার ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।