সংসদে বক্তব্য দেওয়ার পর আশপাশের সংসদ সদস্যদের কাছ থেকে ‘অকথ্য ভাষায় গালাগাল’ শুনতে হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব নিয়ে আলোচনার সময় আগের দিনের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি এ অভিযোগ করেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। এ সময় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়।
বৃহস্পতিবারের আলোচনায় সেই ঘটনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, আগের দিন তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাতে এই সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে কি না, তা নিয়ে তার সংশয় তৈরি হয়েছে। তার বক্তব্যের পর সংসদ সদস্যদের যে আচরণ তিনি দেখেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
রুমিন অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছে। বক্তব্য শেষ হওয়ার পরও তার আশপাশে থাকা কয়েকজন সংসদ সদস্য তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এমন আচরণ কোনো সংসদীয় রীতি-নীতির মধ্যে পড়ে না বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময় একাদশ জাতীয় সংসদে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন রুমিন। তিনি বলেন, সেই সংসদে একা দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলার সময়ও তাকে একই ধরনের আচরণের মুখোমুখি হতে হয়েছিল।
রুমিন ফারহানা বলেন, কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে ভোটের মাধ্যমে বর্তমান সংসদ এসেছে। এরপরও সংসদের আচরণে ন্যূনতম পরিবর্তন না ঘটলে শুধু বিরোধিতা করার জন্য বিরোধী দলের ভূমিকা পালনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রুমিনের বক্তব্যের সময় তাকে আশ্বস্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগের দিন যা ঘটেছে, তা পেছনে ফেলে এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে।
স্পিকার আশা প্রকাশ করেন, আগামীতে সরকারি ও বিরোধী—উভয় পক্ষের সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় সংযত আচরণ করবেন।