চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা না করে ভাইভার নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার কথা বলা হলেও এখন ভাইভায় ৪০০ নম্বর বাড়ানোর চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবেন তা কি জানেন?’
বাক্স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সরকার বাক্স্বাধীনতার কথা বললেও সমালোচনার কারণে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না।’