জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। বাংলাদেশে দলটির পতন হয়েছে এবং ভারতে গিয়ে ‘দাফন’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে। বিএনপিকে আলাদাভাবে ট্রিট করা হলেও বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নই আমরা। তাদের সব অন্যায়ের প্রতিবাদ করব।’
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বাঁধনকে সরকারি আইনি সহায়তা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সারজিস বলেন, বিএনপিকে এসব ঘটনার লাগাম টেনে ধরতে হবে। ভোটের সমীকরণের জন্য ‘খুনি ও স্বৈরাচারদের’ আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তা করলে তা হিতে বিপরীত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, এ ধরনের ঘটনায় কোনো সংকট তৈরি হলে তার প্রভাব সব রাজনৈতিক দলের ওপরই পড়বে। বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকায় সংকটের অগ্রভাগও তাদেরই মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার ও বিচার বিভাগ এসব ঘটনায় শাস্তি নিশ্চিত করতে না পারলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে তাদের আবারও রাজপথে নামতে হতে পারে।
বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস বলেন, ‘বিগত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এমন প্রক্রিয়া চলতে থাকলে পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।’
দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় এ সংকট মোকাবিলায় বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায় এনসিপি। তবে উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে সারজিস বলেন, কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে আইনগতভাবে প্রতিহত করার কথা বলা হচ্ছে। কিন্তু সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কারণেই অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।
সারজিস আরও বলেন, ‘নিজেরা অরাজকতা তৈরি করে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে তাদের দমন করার যে রাজনীতি করা হচ্ছে, তা এই বাংলাদেশে আর চলবে না।’
জনগণের দুর্বিষহ পরিস্থিতিকে কেন্দ্র করে লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। কর্মশালা নিয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। এ ছাড়া যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ অন্যরা বক্তব্য দেন।
পরে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।