দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই।”
তিনি বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।
সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে মঞ্জু বলেন, যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে ওয়াদা করেও দাম বাড়ায় এবং দলীয়করণ করবে না বলে ব্যাপকভাবে দলীয়করণ করে—জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে?
তিনি আরও বলেন, “বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে-ক্ষোভে মানুষ অশ্লীল গালিগালাজ করতেও দ্বিধা করছে না।”
এ সময় জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি এবং গালিগালাজের সংস্কৃতি—দুটিই পরিহারের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।
একই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ লংমার্চ আপামর জনতার। সরকার লংমার্চে বাধা দিলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানো হবে এবং ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলে সরকারকে টেনে নামাতে তাদের ‘হাত এক চুলও কাঁপবে না’।
সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।