মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে ‘সিরাত কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের ১১০১ নম্বর কক্ষে দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের মধ্যেই মানুষের জন্য কল্যাণ ও সফলতার পথ রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মহানবী (সা.)-এর সিরাত ও জীবনাদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।
কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন দাঈ, লেখক ও গবেষক জাকারিয়া মাসউদ। তিনি তাঁর বক্তব্যে ভারতীয় উপমহাদেশের মুসলমান ও বাঙালিদের ইতিহাস, অবদান ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ, নৈতিকতা ও চারিত্রিক গুণাবলির আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান প্রধান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. সিরাজুল হক এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মঈউদ্দিন মিলকি।
বক্তারা বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক জীবনে নানা সংকট মোকাবিলায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। তাঁর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও উত্তম চরিত্র অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
আয়োজকরা জানান, কনফারেন্সের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ইসলামিক বই বিতরণ ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। কনফারেন্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করা হবে। পাশাপাশি কনফারেন্সে আলোচিত বিষয়গুলোর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের রমজান মাসে কোরআন বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ ও ইতিবাচক সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে সংগঠনটি।