সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠিয়ে বেনজীরের অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গেছেন—গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর এ উদ্যোগ নেয় এনসিবি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, বুধবার ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতাও যাচাই করতে চায় পুলিশ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, কারামুক্তির পর গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। দেশটির পাসপোর্ট তার রয়েছে এবং সেখানে তার যৌথ বিনিয়োগও আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেন্ট লুসিয়ার গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলেও দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি হয়। শুনানি শেষে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বেনজীরের জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তৎপরতা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তখন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
আরও দাবি করা হয়েছে, জামিন পাওয়ার পর দুবাই থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বেনজীর। কয়েকটি দেশ বিবেচনার পর শেষ পর্যন্ত তিনি সেন্ট লুসিয়ায় গেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বেনজীর আহমেদ বর্তমানে সেন্ট লুসিয়ায় অবস্থান করছেন কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার অবস্থান নিশ্চিত করতেই ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ।