বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীল থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আমরা কারও কথায় কান দেব না, কারও পাতানো ফাঁদেও পা দেব না।’ গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, জনগণই তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে গয়েশ্বর বলেন, স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে তারেক রহমান প্রবাসে থেকে দলকে সুসংগঠিত করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফার ভিত্তিতে আন্দোলন এগিয়ে নেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন।
আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও পঙ্গু ব্যক্তিদের পূর্ণাঙ্গ চিকিৎসা এবং পুনর্বাসনে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।