মাসুম হোসেন , শাহজাদপুর প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপির আগমনে করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রফেসর ড. এম এ মুহিত এমপি শাহজাদপুরে এসে বিএনপি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পরে তিনি করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি জব্বার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, কোকো স্মৃতি সংসদের সভাপতি রেজাউল ইসলাম রাজা, সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম (জাহিদ), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন, মাসুম রানা, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
পরে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি শাহজাদপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি বিশেষ করে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, মাদক ও দুর্নীতির বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। সকলের সম্মিলিত সহযোগিতায় উপজেলার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।পরিশেষে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করা হয়।