রাবি প্রতিনিধি, এম এ আতিকুর রহমান
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে র্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনটির পক্ষ থেকে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম ছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে অধ্যাপক গোলাম ছাদিক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাঙ্গনে মুক্ত, নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষকসমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বিএনপি ধীরে ধীরে একটি বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। দলটি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে এবং জাতি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছে। বিভিন্ন সংকটময় সময়েও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দলের সেই ভূমিকা ও অবদানকে স্মরণ করেছি।’
র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।