বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছরেরও বেশি সময় কারাভোগের পর অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকতে পারেননি।
এদিকে, লন্ডনে অবস্থান করলেও ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দলটি ২০০৬ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল।
জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর মা ও বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।
বর্ণাঢ্য কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়া মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে, বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
গত ২৬ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কর্মসূচির ঘোষণা দেন।