নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও লাশবাহ অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তালবাড়িয়া এলাকায় আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।
স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধারের পর গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে গুরুদাসপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন।
জানা গেছে, লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। অন্যদিকে আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে আটজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।