বাংলাদেশ জামায়াতে ইসলামী পুলিশি নিরাপত্তার মধ্যে সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে যাওয়ার সুযোগ পায়নি। অথচ বর্তমানে সংসদ অধিবেশন চলাকালে দলটি বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাওয়ের চেষ্টা করছে।
তিনি আরও লেখেন, জামায়াতের পক্ষ থেকে পরবর্তী সময়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, গত ১৬ বছরে যারা সংসদ ভবনের আশপাশে যেতে পারেনি, তারা বর্তমানে পুলিশি নিরাপত্তার সুযোগ নিয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পুলিশি নিরাপত্তার মধ্যে হয়নি।
তিনি বলেন, পুলিশি নিরাপত্তা নিয়ে লংমার্চ কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলের ভূমিকাই সঠিকভাবে পালন করতে পারে না, তারা হয়তো রাষ্ট্রে অস্থিরতা তৈরি করতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।