জামায়াতে ইসলামী পুলিশি নিরাপত্তার মধ্যে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে যাওয়ার সুযোগ পায়নি। তবে বর্তমানে সংসদ অধিবেশন চলাকালে দলটি বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে সংসদে প্রবেশ করে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেননি। তার দাবি, বর্তমানে যারা সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাদের অনেকেই গত ১৬ বছরে সংসদ ভবনের আশপাশে যাওয়ার সাহস দেখাননি।
তিনি আরও বলেন, পুলিশি নিরাপত্তা নিয়ে লংমার্চ কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তার মতে, যারা বিরোধী দল পরিচালনাই করতে পারে না, তারা হয়তো রাষ্ট্রে অস্থিরতা তৈরি করতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।
রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পুলিশি নিরাপত্তার মধ্যে সংঘটিত হয়নি।