ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের পক্ষ থেকে দেলাওয়ার হোসেনের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। যেহেতু জামায়াত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে, তাই আমরা সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সে অনুযায়ী ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনকে জামায়াতের পক্ষ থেকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারেন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।’
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।
এ সময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।
শিগগিরই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।