রাবি প্রতিনিধি, মো. আতিকুর রহমান
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভা দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নতুন এ কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদুর রহমান রুপক, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. কাওছারিন জাহান জিম, অর্থ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ সিয়াম এবং উপ-দপ্তর সম্পাদক তাসলিম আক্তার ফাহিমা দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তামান্না হায়াত, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. মাহমুদুর রহমান শাহী, উপ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।
সম্পাদকীয় পর্ষদে রয়েছেন মো. আমিনুর ইসলাম ও রোকেয়া ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোছা. শ্রাবন্তি আজাদ রিমু ও তাপস রায় শুভ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির ২৩টির বেশি শাখা কার্যক্রম পরিচালনা করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাও নিয়মিত লেখালেখি, পাঠচর্চা, কর্মশালা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের আয়োজন করে আসছে।
নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশের একটি কার্যকর বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি সভা-সমাবেশ, মানসম্মত কর্মশালা, সেমিনার-সিম্পোজিয়ামসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘তরুণ লেখকদের বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে গড়ে তুলতে আমরা কাজ করব।’
সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, ‘নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে লেখক হিসেবে আত্মপ্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।’
তিনি আরও বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি নবীন লেখকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।’