জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের বিষয়ে মানুষ বলে, দুষ্টু লোকে বলে, ভালো লোকে বলে না—টুকু আসে, টুকু যায়। এ আসে, এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’
তিনি বলেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য হাহাকার এবং গ্যাসও পাওয়া যাচ্ছে না। অথচ নির্বাচনের আগে সরকার এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কি না, আর যারা চাকরি করছেন তাদের চাকরি কতদিন থাকবে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে তিনটি বিষয় হলো আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে সংসদে কথা বলতে গেলে সমস্যা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, না হয় বাক্চাতুর্যের মাধ্যমে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।
সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র জানা যায় মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত ভালো অবস্থা।’