দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে অটোরিকশায় বিশেষভাবে তৈরি গোপন বক্সে রাখা ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার শিমুলতুলি এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হৃদয় মিয়া দুর্গাপুর পৌর শহরের মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। এ সময় অটোরিকশাটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালিয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়ে। পরে পুলিশ ধাওয়া করে অটোরিকশাটি আটক করে। চালক হৃদয় মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে কাস্টমাইজ করা গোপন বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেপ্তার হৃদয় মিয়া দুর্গাপুরের মারকাজ মসজিদ এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেনসিডিলগুলো সেকেন্ড পার্টির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।