রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহত মা-মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে কি না, তা নিয়ে পুলিশের বক্তব্য ও মর্গের ডোমের দাবিতে ভিন্নতা দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষায় মা-মেয়ের শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবুলকুমার বিশ্বাস বলেন, ময়নাতদন্তের সময় ধর্ষণের চেষ্টার কোনো লক্ষণ পাওয়া যায়নি। নিহতদের কাছ থেকে সংগ্রহ করা নমুনা মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফলেও ধর্ষণের কোনো আলামত মেলেনি।
এর আগে রংপুর মেডিকেল কলেজের মর্গের ডোম যতন দাবি করেছিলেন, নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার মায়ের শরীরেও ধর্ষণের আলামত ও বীর্যের উপস্থিতি থাকার দাবি করেন তিনি।
তবে ডোমের এই দাবিকে সঠিক নয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তার বক্তব্য অনুযায়ী, ময়নাতদন্ত ও পরবর্তী ফরেনসিক পরীক্ষায় মা-মেয়ের ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশের প্রাথমিক বক্তব্য, মর্গের ডোমের দাবি এবং চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা তৈরি হওয়ায় হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।