মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
জুয়া খেলার নেশা এবং ঋণের ভারী বোঝা সইতে না পেরে গাজীপুর মহানগরীর পূবাইলে তাইজুল ইসলাম (৪২) নামের এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধায় পূবাইল থানাধীন কামারগাঁও এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাইজুল ইসলাম নীলফামারী জেলার ডোমার উপজেলার মনিহারিপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি সপরিবারে পূবাইলের কামারগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির পেশার আড়ালে তাইজুল বিভিন্ন জুয়া খেলায় জড়িয়ে পড়েছিলেন। জুয়ার এই সর্বনাশা নেশা মেটাতে তিনি এলাকার বিভিন্ন মানুষ ও সংস্থার কাছ থেকে ঋণ করেন। মাত্রাতিরিক্ত ঋণের বোঝা এবং দেনার চাপ পরিশোধ করতে না পেরে তিনি বেশ কিছুদিন ধরে চরম মানসিক অবসাদ ও হতাশায় ভুগছিলেন।
ঘটনার দিন সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা অনুমান ৭টার দিকে তাইজুলের স্ত্রী শিল্পী বানু ও তাঁর ১৪ বছরের মেয়ে পাশের একটি বাসায় বেড়াতে যান। এই সুযোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা ভাড়ায় বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে সম্পূর্ণ আটকানো।
অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তাঁরা চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে পান, সিলিংয়ের লোহার এঙ্গেলে লাগানো আংটার সঙ্গে গলায় রসি পেঁচিয়ে তাইজুল ঝুলে আছেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁর নিথর দেহ নিচে নামানো হয়। দ্রুত ইজিবাইকযোগে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী বানু বাদী হয়ে পূবাইল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে (২৫ আগষ্ট) মঙ্গলবার সকালে পূবাইল থানার উপ-পরিদর্শক এহতেশাম তালুকদার মানবকন্ঠকে জানায়, জুয়ায় আসক্তি ও ঋণের চাপজনিত হতাশা থেকেই মূলত এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।