মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিবেদকঃ
বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে উপজেলা পরিষদের তহবিল হতে পৌরসভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী ৯৫ জনের মাঝে রেইনকোট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, “আজ আমরা এমন মানুষদের নিয়ে এই অনুষ্ঠান করছি, যারা ভোর থেকেই অক্লান্ত পরিশ্রম করে শহর পরিষ্কার রাখেন। তাদের শ্রমেই নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পায়।”
তিনি আরও বলেন, “আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলে তবেই আমরা নিজেদের সফল মনে করব।”
পরিচ্ছন্নতাকর্মী আলো রাণী বলেন, “বর্ষার শুরুতেই রেইনকোট পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সুবিধা–অসুবিধার দিকে আপনারা খেয়াল রাখেন। আমরাও আপনাদের পাশে থেকে শহরের জন্য কাজ করতে চাই।”
পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর মধ্যেও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অনুষ্ঠানের এক বক্তা।