প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময় বিবেচনা করে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হুমায়ুন কবির। মন্ত্রণালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই কাজ করছে। দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনা করে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান হুমায়ুন কবির।
নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা তার অন্যতম প্রধান দায়িত্ব। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সবসময় দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।
এদিকে জ্বালানি সহযোগিতা নিয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।