মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের সদস্য চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তর দিকে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরবর্তীতে পুকুরটির পাশে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু ওই ঘাটে খেলছিল। একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মনে হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।