মেহেদী হাসান মেহের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কবির খান স্মৃতি সংসদ। একই সঙ্গে জেলার পাঁচটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান এবং একজন শিক্ষককে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
রোববার (২৩ আগস্ট) জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কবির খান স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন, তরী বাংলাদেশের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শামীম আহমেদ, ইউনিগ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এবং তৈমুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তৈমুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া হলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা তৈরি হয়। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
কবির খান স্মৃতি সংসদ সূত্রে জানা যায়, এবারের আয়োজনের মাধ্যমে প্রায় এক হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফলাফল ও শিক্ষার মানের বিভিন্ন সূচকের ভিত্তিতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল।
এ ছাড়া এবারের ‘শ্রেষ্ঠ শিক্ষক’ সম্মাননা পেয়েছেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এমন অর্জনের স্বীকৃতি ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।