বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। এ উপলক্ষে তার অভিষেক ঘিরে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। পরে বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাবেন।
এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে তার গুলশানের নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।