প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এরপর ভোট দেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে গেলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট দেওয়া শেষে তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে হাত মেলান।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠতার হিসাবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের পরিবর্তে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দিচ্ছেন। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করছেন তারা।
ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচিত নতুন রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুকে জড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।