মুন্সীগঞ্জ প্রতিনিধি
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর মুন্সীগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে জেলা কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি পতাকা ’৭১ প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশীয় মাছের বিলুপ্তি রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে মুন্সীগঞ্জ উপজেলার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।