শেখ নজরুল ইসলাম, তালা
সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই দুইটি পৃথক বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে একই রাতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। আবজাল জোয়াদ্দার জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেছে না পরে দরজা খুলে জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন।
অপরদিকে, খানপুর গ্রামের জাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি করেছে বলে তাদের ধারণা।
তবে চুরির ঘটনায় পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। সুস্থ হওয়ার পর ঘরে থাকা মালামাল যাচাই করে চুরি যাওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।