পাবনার ভাঙ্গুড়ায় রাতের জরুরি ও বাজার ডিউটি চলাকালে ১৮০ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রির ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ আবু হুরাইয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে আরও তিনজনকে আটক করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভাঙ্গুড়া থানার পুলিশ জানায়, গতরাতে জরুরি ডিউটি ও বাজার ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মসজিদপাড়া এলাকার মোঃ বারিকের ছেলে আবু হুরাইয়ার কাছ থেকে ১৮০ পিস কমলা রঙের কথিত ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকামূলে জব্দ করা হয়। পরে আবু হুরাইয়াকে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মামলা নং-০৫, তারিখ ১৩ আগস্ট ২০২৬ দায়ের করা হয়। এরপর বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে স্থানীয় লোকজনের হাতে আটক তিনজনকে রাতের বাজার ডিউটি পার্টি থানায় নিয়ে আসে। তারা হলেন—মোঃ লিটন (৪০), পিতা মৃত আব্দুল গফুর, সাং চৌবাড়ীয়া ভদ্রপাড়া; মোঃ মোস্তাফিজুর রহমান লিমন (২৮), পিতা মোঃ জহুরুল প্রাং, সাং চৌবাড়ীয়া ভদ্রপাড়া এবং মোঃ মাহবুব এলাহী (১৮), পিতা এস এম তাওহীদ-উর-রহমান, সাং কুমড়াডাঙ্গা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য অপরাধ ও শান্তিভঙ্গ প্রতিরোধের লক্ষ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৫১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদক মামলার আসামি আবু হুরাইয়া এবং ১৫১ ধারায় আদালতে পাঠানো তিন ব্যক্তির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।