মোঃ মিরাজ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব (৩২) হত্যা মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বুধবার (১২ আগস্ট) দীর্ঘ ৫ মাস পালিয়ে থাকার পর ভোলা আদালতে আত্মসমর্পণ করলে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইয়াসমিন বেগম উপজেলার চরখলিফা ইউনিয়নের নায়েব বাড়ির প্রবাসী মোসলে উদ্দিনের স্ত্রী।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত লিটন নায়েব হত্যা মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগমকে জেলে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তের স্বার্থে ঘটনার রহস্য উদ্ঘাটন ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এর আগে মামলার দুই নম্বর আসামি শাহাবুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ চরখলিফা ইউনিয়নের নায়েব বাড়িতে লিটন নায়েবকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ প্রতিবেশী ইয়াসমিন বেগমের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে বালু চাপা দিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ওই সেপটিক ট্যাংক থেকে বালুচাপা অবস্থায় লিটনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত লিটনের বাবা হারুন নায়েব বাদী হয়ে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইয়াসমিন বেগমসহ কয়েকজনকে আসামি করা হয়।