বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।
এ উপলক্ষে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন আরাফাত রহমান কোকো। ওই সময়ে দেশের ক্রিকেটকে রাজনীতিমুক্ত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি।
ক্রীড়াঙ্গনে তার অবদানের কারণে আরাফাত রহমান কোকোকে আজও স্মরণ করেন দেশের ক্রীড়াপ্রেমী ও বিএনপির নেতাকর্মীরা। জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।