মেহেদী হাসান রাতুল ( সিলেট)
সিলেটে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১টার দিকে সিলেট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা পয়েন্টে ওয়ার্ডের ক্লাব সমন্বয় পরিষদ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাতেও নিয়মিত বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।
এ সময় অনেক গ্রাহক অতিরিক্ত ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ করেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে বারবার অবগত করেও কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উপদেষ্টা ও রেনেসাঁ যুব সংঘের সভাপতি রেজাউল ইসলাম রনি, ৩৫ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উপদেষ্টা ও চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শরিফ উদ্দিন নোমান, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মো. জাহির হুসাইন আরিফ এবং ৩৫ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উপদেষ্টা ও বাঘমারা আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এ সময় ৩৫ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের পরিচালনা কমিটির সদস্য এবং চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাজুল ইসলাম ফরহাদের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মানববন্ধন থেকে দ্রুত লোডশেডিং পরিস্থিতির সমাধান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এর আগে গত শুক্রবার নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয় পরিষদের উদ্যোগে কয়েকটি এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ (বিউবো), সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু আহমেদ রিপন জানান, জাতীয় গ্রিডে সংকটের কারণে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। তার এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় অনেক কম মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে এ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
মানববন্ধনে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে পরবর্তীতে বিদ্যুৎ অফিস অভিমুখে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।