সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটক ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বরখাস্ত হওয়া এক ইউপি সদস্যের অনুসারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এতে এক সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকের নাম কবির আহমদ। তিনি একটি জাতীয় দৈনিকের সিলেট মাল্টিমিডিয়া ইনচার্জ। আহত অপর দুজন হলেন পর্যটক সিয়াম আহমদ ও গাড়িচালক মো. রবিন। তারা গাজীপুর থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পর্যটকদের বহনকারী গাড়িকে পেছন থেকে একটি গাড়ি একাধিকবার ধাক্কা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বরখাস্ত ইউপি সদস্য মো. দুলাল মিয়া দুলার অনুসারীরা পর্যটকদের ওপর হামলা চালান। এ সময় তাদের রক্ষা করতে এগিয়ে গেলে সাংবাদিক কবির আহমদের ওপরও হামলা করা হয়।
অভিযোগ রয়েছে, ইকবাল হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালান। এতে কবির আহমদ গুরুতর আহত হন। হামলাকারীরা তার একটি মোবাইল ফোন নিয়ে যায় এবং আরেকটি ভেঙে ফেলে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সাংবাদিক কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, রাষ্ট্রীয় সম্পদ লুটের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ১৪ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইউপি সদস্য মো. দুলাল মিয়া দুলাকে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।