আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করা সেবামূলক প্রতিষ্ঠান আজিম চৌধুরী ফাউন্ডেশন টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী কিশোর ও বালকদের সম্মাননা দিয়েছে। এ উপলক্ষে ৮জনকে বাইসাইকেল, অন্যদের সম্মাননা ক্রেস্ট এবং কোরআনের তালিমে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সেনবাগ উপজেলার মগুয়া এলাকার কারামতিয়া জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।
কারামতিয়া জামে মসজিদের সভাপতি ও আজিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আ. জ. ম. রহিম উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌকারা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ নেছারউদ্দিন ওয়ালিউল্লাহী।
এসময় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের সদস্য আ. জ. ম. ফয়েজ উল্যাহ চৌধুরী এবং ফাউন্ডেশনের সদস্য আ. জ. ম. বশির উল্যাহ চৌধুরী। এ ছাড়া
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ শাহেনারা আক্তার লাভলী, ডাইনামিক বাংলাদেশের পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য আ. জ. ম. হাবিব উল্যাহ চৌধুরী, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলহাজ এম. এ. আজিম চৌধুরী এবং কারামতিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা মাস্টার আবু ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাইকেল পেয়ে কয়েকজন কিশোর আনন্দ প্রকাশ করে জানায়, এ সম্মাননা তাদের নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় ও কোরআন শিক্ষায় আরও উৎসাহিত করবে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
আয়োজকরা জানান, কিশোরদের নিয়মিত জামাতে নামাজ আদায়, কোরআন শিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।