মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাভাবিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য মামুনুর রশীদ খোকা ও মো. মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ রতন, মঈনুদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান শাওন, আমির হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।