বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিয়ে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দিচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী দাবি করেন, শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনার অংশ। তার ভাষায়, প্রত্যর্পণ চুক্তি কার্যকর না করে তাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশ ছাড়ার সময় যে সুযোগ দেওয়া হয়েছিল, তা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ যখন আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যায়, তখনই বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র সামনে আসে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।