প্রত্যেক মানুষের হাতেই এখন গণমাধ্যম পৌঁছে গেছে। তাই কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি বলেন, তার ব্যক্তিগত ধারণা অনুযায়ী শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসবেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘গণমাধ্যম এখন শুধু টেলিভিশন চ্যানেলে সীমাবদ্ধ নয়। প্রত্যেক মানুষের হাতেই এখন গণমাধ্যম রয়েছে। ফলে যে শুনতে চাইবে, সে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবে।
এভাবে কারও বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়। শেখ হাসিনার আমলে আমরা দেখেছি, আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। যদি সেটি গণতন্ত্র না হয়, তাহলে এটিই বা কীভাবে গণতন্ত্র হয়?’
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশের নাগরিক। তার পরিবার ও তার নিজের বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগই ছিল প্রধান রাজনৈতিক শক্তি। এসব বিষয় এবং তার বয়স বিবেচনায় আমার কমনসেন্স বলছে, তিনি দেশে ফিরবেন।’
ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এসব ঘটনা দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিরই প্রতিফলন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ারও ইঙ্গিত দেয়।
স্থানীয় বিএনপির একাংশ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করায় তিনি বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। বিএনপিকেও এই বাস্তবতা মেনে নিতে হবে।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।