নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে আরেকটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় চিলাহাটি বসুনিয়াপাড়ায় অবস্থিত বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ফরিদ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, রান ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস)-এর সহযোগিতায় গত ২০১৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় যাহার রেজিস্ট্রেশন নম্বর: এস-১২৭৩০ (৫০৯৬৯১)।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় শতাধিক অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসলেও সম্প্রতি একটি পক্ষ বিদ্যালয়ের নাম ব্যবহার করে অন্যত্র একই নামে আরেকটি প্রতিষ্ঠান চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সাবেক এক-দুজন শিক্ষক, বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত ও ভুল বুঝিয়ে ফিউচার প্রি-ক্যাডেট স্কুলে একই নামে নতুন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছেন এবং সেখানে এই বিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে।
এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি জানায়, নতুন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের কোনো আপত্তি নেই। তবে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে।
এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।