দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার পর অবশেষে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের ৩ তলা বিশিষ্ট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।
শুক্রবার রাত ৯ টায় চিলাহাটি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এলাকার সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সমস্ত কার্ডের সুবিধা ১ নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদে চালু করা হবে। ইউনিয়ন পর্যায়ে একটি খেলার স্টেডিয়ামের তালিকাও প্রেরন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভোগডাবুরী ইউনিয়নের একটি মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং খাদেমের বেতন সরকারিভাবে দেওয়া হবে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের আশা, আধুনিক এই ভবনের মাধ্যমে ইউনিয়নবাসী আরও সহজে ও দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
ভোগডাবুরী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সভা অনুষ্ঠানে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের সর্বস্তরের উপস্থিত জনতা করতালি দিয়ে প্রধান অতিথি ও ইউনিয়ন চেয়ারম্যান সহ উপস্থিত সবাইকে অভিনন্দন জানান।