জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, বর্তমান বিএনপি সরকারের কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিস্ট শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।”
বিএনপি সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “আপনারাও তো আমাদের মতোই মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হতে যাচ্ছেন?”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি যে নির্যাতন ও ত্যাগের কথা বলত, ক্ষমতায় এসে দলটি যেন তা ভুলে গেছে। তার ভাষায়, একসময় যারা নিজেদের নিপীড়িত বলে দাবি করত, তারা এখন আগের সরকারের মতো আচরণ করছে।
বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, এসব কর্মকাণ্ড বিগত সরকারের আচরণেরই পুনরাবৃত্তি।
তিনি নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ নিয়েও সমালোচনা করেন। তার দাবি, বিএনপির কমিটিতে থাকা একজন আমলাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন সচিব হতে বিসিএস পাস করার দরকার নেই, দলীয় পদ থাকলেই হবে।”
হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা। আপনারা আবার শুরু করলেন কেন? পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।”