আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী লক্ষীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. শান্ত (৯) সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের উত্তর মইশাই গ্রামের চা দোকানদার ফরিদ মিয়ার ছেলে।
সে মইশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে সে তৃতীয়।
শিশুটির স্বজন এবং সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। গতকাল বিকেলে সে নানাবাড়িতে বেড়াতে যায়।
আজ সকালে গোসল করতে পুকুরে নামলে একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গুণবতী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
শান্তর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।