ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সবচেয়ে বেশি নির্বাচনী ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাবে কোনো নির্বাচনী ব্যয় দেখায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন জানায়, গত ২৬ জুলাই ৪৯টি রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয়ের তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে কোন খাতে কত অর্থ ব্যয় হয়েছে, সে তথ্য নয়; কেবল দলভিত্তিক মোট ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, ২২৪টি আসনে প্রার্থী দেওয়া জামায়াতে ইসলামী দলীয়ভাবে ব্যয় দেখিয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। ২৮৮টি আসনে প্রার্থী দেওয়া বিএনপি ব্যয় দেখিয়েছে ৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ১৩৭ টাকা।
প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ জন প্রার্থী দিয়ে দলীয় ব্যয় দেখিয়েছে ১২ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। ২৫৩টি আসনে প্রার্থী দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যয় দেখিয়েছে ৩৩ লাখ ৬৫ হাজার ৯৭১ টাকা।
এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ২০ লাখ ৯৬ হাজার ২৬৩ টাকা, এবি পার্টি ১৭ লাখ ৮১ হাজার ৭১০ টাকা, গণঅধিকার পরিষদ ৮ লাখ ১০ হাজার টাকা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২০ লাখ ১৬ হাজার ৬০০ টাকা এবং জাতীয় পার্টি (এরশাদ) ৫ লাখ ৫ হাজার টাকা দলীয় ব্যয় দেখিয়েছে।
ইসির প্রকাশিত তথ্য অনুযায়ী, আরও কয়েকটি দল তুলনামূলক কম ব্যয়ের হিসাব দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি (জেপি) ব্যয় দেখিয়েছে ১৮ হাজার ৮৭৫ টাকা, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৩ হাজার টাকা, গণতন্ত্রী পার্টি ১ লাখ টাকা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১ লাখ টাকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ব্যয়ের হিসাবে কোনো অর্থ ব্যয় দেখায়নি।