তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম বা বর্ণকে কেন্দ্র করে কোনো ধরনের বিভাজন কিংবা ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি হলো—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। তিনি দাবি করেন, কোনো ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র বা সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা ধর্মের মূল চেতনার পরিপন্থী। ধর্মপ্রাণ মানুষ এ ধরনের অপচেষ্টা রুখে দেবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য ও কর্মকাণ্ড জনগণের কল্যাণে নিবেদিত হওয়া উচিত। জনগণ যতদিন কোনো রাজনৈতিক দলকে জনকল্যাণমূলক মনে করবে, ততদিনই সেই দল তাদের সমর্থন পাবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে, বিজয় কৃষ্ণ দেসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল মুখার্জি।