বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার অবস্থান থেকে জামায়াত সরে আসবে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আইডিবি ভবনের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ একটি মৌলিক পরিবর্তন প্রত্যাশা করেছিল। তবে তার দাবি, দেশ আবারও পুরোনো পরিস্থিতির দিকে ফিরে যাচ্ছে। তিনি অতীতের শিক্ষাঙ্গনের পরিবেশের সমালোচনা করে বলেন, সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়।
তিনি বলেন, সরকারে না থাকলেও সংসদে থেকে জনগণ ও শহীদ পরিবারের পক্ষে কথা বলতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। দলকে বিভিন্ন ধরনের আপসের প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করে দল নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে জানান।
বিচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার একদিন অবশ্যই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের প্রতি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ওপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে জামায়াতও হামলার শিকার হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে এসবের মধ্যেও জনগণের অধিকার আদায়ে দল তাদের অবস্থান থেকে সরে আসবে না বলে জানান।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।