চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে সুজনের বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারটি পৌঁছে দেয়।
সংগঠনটির উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
প্রতিনিধি দলের সদস্যরা নবজাতক সাইফা নুর সুবহার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতিরও খোঁজ নেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।