মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, ‘নাক টিপ দিলে দুধ বের হয় পাটওয়ারীর, সে আবার আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে।’ তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে শকু বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে এবং বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। তাঁর দাবি, গত চার মাসে কুলাউড়া উপজেলায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এত ব্যাপক উন্নয়ন হয়নি।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন সংসদ সদস্য। তিনি জানান, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মোশারফ আলী, আপ্তাব উদ্দিন, ফিরুজ আলী, হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তবে শওকতুল ইসলাম শকুর মন্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।